জাতীয়

গাজীপুরে একই পরিবারের পাঁচজন হত্যার ঘটনায় জামায়াতের শোক

আপডেট: মে ১০, ২০২৬ : ০৫:৪১ এএম
গাজীপুরে একই পরিবারের পাঁচজন হত্যার ঘটনায় জামায়াতের শোক

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা এ ঘটনাকে নৃশংস ও মানবতাবিরোধী বলে উল্লেখ করেছেন।

শনিবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, ন্যক্কারজনক ও বর্বরোচিত। এ ধরনের ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।”

শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের স্ত্রী ও সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি স্বাধীন ও সভ্য দেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রতিফলন।

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং তাঁদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!