জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

আপডেট: মে ১০, ২০২৬ : ০৫:৪৩ এএম
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি হজযাত্রী। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে শনিবার এ তথ্য জানানো হয়েছে। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এখন পর্যন্ত মোট ১২৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে গেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট। সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৯১ জন যাত্রী পরিবহন করা হয়েছে। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২১ হাজার ১৪টি স্বয়ংক্রিয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৩ হাজার ৭৮০টি সেবা প্রদান করা হয়েছে।

এদিকে চলতি বছর সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!