জাতীয়

চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠার ঘোষণা মৎস্য প্রতিমন্ত্রীর

আপডেট: মে ১০, ২০২৬ : ০৫:৫৩ এএম
চলনবিলের ঐতিহ্য ফেরাতে মৎস্য সংরক্ষণাগার প্রতিষ্ঠার ঘোষণা মৎস্য প্রতিমন্ত্রীর

চলনবিল অঞ্চলের হারানো ঐতিহ্য ও দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে আধুনিক মৎস্য সংরক্ষণাগার কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মৎস্য চাষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘নিরাপদ মৎস্য উৎপাদন, বাজারনীতি সম্প্রসারণ ও আন্তর্জাতিক রপ্তানি চেইন উন্নয়ন’ শীর্ষক এ সম্মেলনে প্রতিমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “চলনবিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে উৎপাদিত মাছ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে সরকার কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।

এ সময় তিনি দাবি করেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় অবৈধভাবে পশু প্রবেশ বন্ধে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বর্তমানে দেশে পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় খামারিদের স্বার্থ সংরক্ষণে নজরদারি জোরদার করা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, চলনবিল ও হালতি বিলসহ দেশের মুক্ত জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!