জাতীয়

মাদক ও অপশক্তিমুক্ত সমাজ গড়ার আহ্বান চিফ হুইপের

আপডেট: মে ১০, ২০২৬ : ০৫:৫৬ এএম
মাদক ও অপশক্তিমুক্ত সমাজ গড়ার আহ্বান চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, এমন একটি সমাজ গড়তে হবে যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না। তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মাধ্যমে মানুষ আলোকিত জীবনের দিকে এগিয়ে যাবে।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। চিফ হুইপ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান দেশের মানুষের জন্য প্রেরণার উৎস। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম”—রবীন্দ্রনাথের এই পঙক্তি বাংলাদেশের জনগণের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রেরণা হিসেবে কাজ করেছে।

মো. নূরুল ইসলাম বলেন, দেশের মানুষ দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একটি পরিবর্তনের পথ তৈরি করেছে। যারা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, তারাই কঠিন সত্যকে ধারণ করে সামনে এগিয়েছে।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ছিলেন সমসাময়িক সময়ের চেয়ে অনেক অগ্রসর চিন্তার অধিকারী। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষের জীবনকে প্রভাবিত করছে।

চিফ হুইপ বলেন, বর্তমান প্রজন্মকে রবীন্দ্রনাথসহ বাংলা সাহিত্যের মহান সাহিত্যিকদের রচনার সঙ্গে যুক্ত হতে হবে। এতে সমাজ ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, “আমরা এখন অনেক অপসংস্কৃতি গ্রহণ করছি। আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধে ফিরে যেতে হবে। এমন একটি সমাজ গড়তে হবে, যেখানে মাদক, অপশক্তি ও ফ্যাসিবাদ থাকবে না।”

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চিফ হুইপকে অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!