জাতীয়

আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা সরকারের অন্যতম ভিশন: শিল্পমন্ত্রী

আপডেট: মে ১০, ২০২৬ : ০৬:০৭ এএম
আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় গড়ে তোলা সরকারের অন্যতম ভিশন: শিল্পমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আগামী প্রজন্মকে কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিশন।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে, যা উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মৌজায় নির্মাণাধীন ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী’ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল করতে সরকার কাজ করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষিপণ্যভিত্তিক শিল্প বিকাশে এ প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে তিনি প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন এবং কাজের মান ও গতি বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

উল্লেখ্য, ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্পটি ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মেয়াদে বাস্তবায়নাধীন। প্রকল্পের আওতায় ৫০ একর জমির ওপর আধুনিক, পরিবেশবান্ধব ও শিল্পসম্মত একটি শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

এখানে ২৫১টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের মাধ্যমে দুগ্ধ, শাকসবজি, ফলমূল, চা ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে স্থানীয় কৃষিপণ্যের সংরক্ষণ ও বাজারজাতকরণ সহজ হবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

পরিদর্শনকালে শিল্পমন্ত্রী স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। পরে তিনি বিসিক শিল্পনগরীতে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করেন এবং উৎপাদন কার্যক্রম ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!