আসন্ন কোরবানির ঈদ ও বর্ষা মৌসুমকে সামনে রেখে যাত্রী ও কোরবানির পশু পরিবহন এবং কার্গো জাহাজ চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আজ রোববার (১০ মে) রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, “সর্বোচ্চ মনিটরিং করা হবে যেন কোনো গাফিলতি না থাকে। যেখানে গাফিলতি থাকবে, সেখানে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, বাংলাদেশে নৌপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য তুলনামূলকভাবে নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক মাধ্যম। তবে নৌ দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বর্ষা মৌসুম ও কোরবানির ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী নৌযানের ফিটনেস, কাগজপত্র ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ নৌযান ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে রুট পারমিট ও সার্ভে ঠিক থাকলেও পরবর্তীতে তদারকি কমে যায়। এ কারণে নিয়মিত পরিদর্শন জোরদারের পাশাপাশি নৌ পুলিশ ও কোস্টগার্ডকে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!