জাতীয়

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: মে ১১, ২০২৬ : ০৪:৫১ এএম
অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন স্থানে নির্মাণের পরও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো চালু না হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

গত ১২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লা–এ আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সেগুলো বছরের পর বছর অচল অবস্থায় রয়েছে।

পরে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী অবিলম্বে হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ জুনের মধ্যে এ–সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল–এর বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে আংশিক চালু থাকা হাসপাতালটিকে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর অধীনে নির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য অচল হাসপাতাল দ্রুত চালুর তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে নীলফামারী–তে প্রস্তাবিত ১ হাজার শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পটির কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দেন।

স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, উত্তরাঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবার ঘাটতি রয়েছে। প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে এটি রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!