জাতীয়

খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে: দুলু

আপডেট: মে ১১, ২০২৬ : ০৬:১১ এএম
খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের পানি ব্যবস্থাপনায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পরিবর্তন আনবে।

শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া এলাকায় এসিল্যান্ড সংযোগ খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘খাল খনন কর্মসূচি’ শুরু করেছিলেন, যা দেশের কৃষিতে ইতিবাচক পরিবর্তন এনেছিল।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি আবারও খাল খনন কর্মসূচি শুরু করেছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, খাল খননের মাধ্যমে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে, যা সেচ ব্যবস্থার উন্নতি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের খরচ কমাতে সহায়তা করবে। পাশাপাশি মাছচাষ, হাঁস পালনসহ গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি জানান, পুনঃখনন করা খালগুলো বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!