জাতীয়

গুম রোধ ও মানবাধিকার সুরক্ষায় প্রস্তাবিত আইন বাস্তবে কার্যকর করতে হবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট: মে ১৮, ২০২৬ : ০৫:৩০ এএম
গুম রোধ ও মানবাধিকার সুরক্ষায় প্রস্তাবিত আইন বাস্তবে কার্যকর করতে হবে: অ্যাটর্নি জেনারেল

প্রস্তাবিত গুম সংক্রান্ত আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অংশীজন সভায় তিনি বলেন, “আমাদের দেশে প্রায় প্রতিটি আইনেই একটি ওভাররাইডিং ক্লজ যুক্ত করার প্রবণতা দেখা যায়। আমরা এমন কিছু লিখতে চাই, যা বাস্তবে কার্যকর হবে। এটি কেবল লেখার জন্য লেখা হওয়া উচিত নয়।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মানবাধিকার, মানবিক মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে, যা প্রস্তাবিত আইনে প্রতিফলিত হওয়া ইতিবাচক অগ্রগতি।

জাতীয় মানবাধিকার কমিশন আইনের প্রসঙ্গে তিনি বলেন, কোনো সংস্থাকে নিরঙ্কুশ ক্ষমতা না দিয়ে প্রাতিষ্ঠানিক ভারসাম্য নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপির সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী, ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গুম প্রতিরোধে কঠোর শাস্তি, তদন্ত কর্মকর্তার যোগ্যতার মানদণ্ড নির্ধারণ এবং বিচার কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!