দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই, বাংলাদেশ এখন এ খাতে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার (১৭ মে) বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার পশু রয়েছে, যেখানে চাহিদা রয়েছে প্রায় ১ কোটি ১ লাখ থেকে ১ কোটি ২ লাখের মধ্যে। ফলে দেশে উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্ত তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মাংস রপ্তানির ক্ষেত্রেও বাংলাদেশ বড় সম্ভাবনার জায়গায় পৌঁছাবে। ইতোমধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ‘বেঙ্গল মিট’ প্রক্রিয়াজাত মাংস রপ্তানি শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে খামারিদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নতুনভাবে চালু হওয়া কৃষি কার্ডের আওতায় এখন খামারিরাও অন্তর্ভুক্ত হবেন, যার মাধ্যমে ঋণ ও অন্যান্য সুবিধা পাওয়া সহজ হবে।
এ সময় তিনি খামার উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতকে অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং এ খাতে সরকারিভাবে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সেমিনার শেষে প্রতিমন্ত্রী বগুড়া সদরের জয়পুর পাড়ায় একটি আধুনিক কসাইখানা এবং নিশিন্দারার কারবালা এলাকায় নবনির্মিত বগুড়া জেলা প্রাণিসম্পদ ভবন উদ্বোধন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!