জাতীয়

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচার: দুই কর্মচারী গ্রেপ্তার

আপডেট: মে ২১, ২০২৬ : ০৪:৪০ এএম
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচার: দুই কর্মচারী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে কোটি টাকার কাপড় বোঝাই একটি কনটেইনার পাচারের ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা–পুলিশ।

বুধবার (২১ মে) অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩৫) ও আবু সুফিয়ানকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মৃত ওয়াহাব আকনের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত। অপর আসামি আবু সুফিয়ান নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানি করা গার্মেন্টসের কাপড়বোঝাই একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে চুরি হয়। কনটেইনারটি গাজীপুরভিত্তিক মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। টিসিএলইউ৮৫৫৭৩০৪ নম্বরের ৪০ ফুট ওই কনটেইনারে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর জাহাজ থেকে খালাস করে বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি নিতে গেলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বন্দরের দুই কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!