জাতীয়

রাজস্ব আদায়ে গতি আনতে মাঠমুখী হওয়ার নির্দেশ চসিক মেয়রের

আপডেট: মে ২১, ২০২৬ : ০৪:৪৩ এএম
রাজস্ব আদায়ে গতি আনতে মাঠমুখী হওয়ার নির্দেশ চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় ও মাঠমুখী হওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ের সভাকক্ষে রাজস্ব বিভাগের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় মেয়র বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী হলেও হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন খাতে রাজস্ব আদায় সম্ভাবনার তুলনায় এখনো কম। এই পরিস্থিতি থেকে বের হতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছেও সিটি কর্পোরেশনের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে। এসব বকেয়া আদায় না হলে চসিকের আর্থিক সক্ষমতা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা কঠিন হবে।

তিনি আরও বলেন, সরকারি বকেয়া আদায়ে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ডিও লেটার পাঠাতে হবে। পাশাপাশি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, পাঁচতারকা হোটেল, মার্কেট, গার্মেন্টস কারখানা ও কনটেইনার ডিপোগুলোর হোল্ডিং ট্যাক্স দ্রুত পুনর্মূল্যায়নের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, সম্ভাব্য বিপুল পরিমাণ রাজস্ব এখনো আদায়ের বাইরে রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কর বিষয়ে সচেতনতার অভাব, কর ফাঁকির প্রবণতা এবং জনবল ও লজিস্টিক সংকটকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, ক্যান্টনমেন্ট ও ইপিজেড এলাকায় আইনি জটিলতার কারণে কর আদায়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে।

সভায় রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে সরকারি বকেয়া আদায়ে উদ্যোগ, বড় করখেলাপিদের তালিকা তৈরি, বাণিজ্যিক স্থাপনার পুনর্মূল্যায়ন, কর সচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম এবং জনবল সংকট নিরসন।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!