যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের সম্পৃক্ত করে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (২০ মে) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন সময়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই যুবসমাজকে এআই-এর ইতিবাচক দিক কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। প্রযুক্তিনির্ভর এই যুগে যারা দক্ষ হবে, তারাই এগিয়ে যাবে।”
যুবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দল-মত নির্বিশেষে ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে এবং সৎ থাকতে হবে। কোনো অন্যায় ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি আরও জানান, বিদেশে বিশেষ করে ‘কেয়ার গিভার’ পেশায় ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ জনবল পাঠানোর জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে দেশের প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এআইভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠানে তিনি যুব কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলমুখী করতে ‘যুব সমাবেশ’ শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়েও আয়োজনের নির্দেশনা দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!