সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বুধবার (২০ মে) ঢাকার সাভারে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের গ্রহণযোগ্য স্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। “আমরা চাই, সমাজের অন্যান্য শিশু-কিশোররা যেভাবে বড় হয়, প্রতিবন্ধী সন্তানরাও একইভাবে বেড়ে উঠুক,” বলেন তিনি।
তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও খেলাধুলায় সম্পৃক্ত করতে সাভারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এতে স্পোর্টস লার্নিং সুবিধা, ফিজিওথেরাপি সেন্টার, জিমনেশিয়াম, সুইমিং পুল, মসজিদ এবং ইনডোর ও আউটডোর গেমিং ব্যবস্থা থাকবে।
মন্ত্রী বলেন, দেশে প্রায় ১১ ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক পর্যায়ে প্যারা অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্যও সেই সম্ভাবনার প্রমাণ।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা সমাজে সম্মানজনক অবস্থানে যেতে পারে।”
প্রকল্পের অগ্রগতি নিয়ে মন্ত্রী জানান, ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটি কিছু জটিলতার কারণে বিলম্বিত হয়েছে। বর্তমানে কাজ পুনরায় শুরু হয়েছে এবং আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে এটি সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকল্পের প্রায় ১০ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!