জাতীয়

পাওয়ার গ্রিডের ১৫২৯ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

আপডেট: মে ২১, ২০২৬ : ০৫:১৮ এএম
পাওয়ার গ্রিডের ১৫২৯ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পরিশোধিত মূলধন বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে। কোম্পানিটি ১ হাজার ৫২৯ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার এ সংক্রান্ত অনুমোদন দেয়।

তথ্য অনুযায়ী, মোট ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা, যার মোট মূল্য দাঁড়ায় ১ হাজার ৫২৯ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৩৭০ টাকা।

কোম্পানিটি জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে এসব শেয়ার ইস্যু করা হবে। গত বছরের ৩০ জুন পর্যন্ত নেওয়া অর্থের বিপরীতে শেয়ার মানি ডিপোজিট হিসেবে এ শেয়ার বরাদ্দ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!