চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের বাস ভাঙচুর এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা–চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ মে) সন্ধ্যার পর পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, হামলায় অন্তত ৩৩টি বাস ভাঙচুর করা হয় এবং প্রায় ৫০ জন শ্রমিক আহত হন।
ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে রুটটিতে সংশ্লিষ্ট দুটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন আহত শ্রমিক চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা জানান, তারা বাস দেখাশোনার দায়িত্বে থাকাকালে হঠাৎ অন্ধকারে তাদের ওপর হামলা চালানো হয় এবং বাসগুলো ভাঙচুর করা হয়।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, এ ঘটনায় তাদের বহু কর্মী আহত হয়েছেন এবং কয়েক ডজন বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তারা।
অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, অন্ধকারের মধ্যে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বলাখাল বাজারে বাস স্টপেজের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করেন। প্রশাসনের অনুরোধে পরে অবরোধ তুলে নেওয়া হলেও বাসগুলো বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রাখা ছিল। সন্ধ্যার পর অজ্ঞাতরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!