বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে ঢাকায় একটি স্থায়ী মিশন স্থাপনের আশ্বাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার (২১ মে) দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ যৌথ পরামর্শ সভা (এফওসি) শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। দক্ষিণ আফ্রিকার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের এশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক ভারপ্রাপ্ত উপমহাপরিচালক রাষ্ট্রদূত ডি. ই. ম্যালকমসন।
যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় দেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেছে। বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকাকে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো অথবা অনুসন্ধানমূলক মিশন পরিচালনার আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ক্রিকেটের জনপ্রিয়তাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যম হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকার বৃত্তি উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ।
এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আরও বেশি শিক্ষাবৃত্তি দেওয়ার অনুরোধ জানানো হয়। কৃষি, প্রতিরক্ষা, পরিবহন ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে বহুপাক্ষিক ফোরামে অংশীদারত্ব জোরদার এবং ‘গ্লোবাল সাউথ’-এর এজেন্ডাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে। ভারত মহাসাগরীয় বলয় সংস্থা (আইওআরএ)-এর সদস্য হিসেবে ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া বর্তমানে আলোচনাধীন বিভিন্ন সমঝোতা স্মারক (এমওইউ) ও খসড়া চুক্তি দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালে সপ্তম যৌথ পরামর্শ সভা ঢাকায় অনুষ্ঠিত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!