জাতীয়

রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

আপডেট: মে ২২, ২০২৬ : ০৪:২৫ এএম
রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে পল্লবীতে রামিসাদের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা-মা। এ সময় রামিসার বাবা তাদের বসবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী তাদের জন্য ভালো পরিবেশে থাকার ব্যবস্থা করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যৎ দায়িত্বভার নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, মামলার দ্রুত চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে।

সাক্ষাতের সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!