স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি যে, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে। তবে শাস্তি সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’
তিনি জানান, বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নৃশংস অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে এবং তদন্ত ও আসামি গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ঘটনার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো নৃশংস অপরাধের ঘটনায় অবহেলা করা হয়নি এবং আসামি গ্রেপ্তারে বিলম্ব হয়নি। তিনি জানান, গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!