বাংলাদেশের আউটবাউন্ড পর্যটন খাতকে আরও সংগঠিত, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে বার্ষিক সদস্য সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বোটফ)।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত ‘বার্ষিক সদস্য সভা ২০২৬’-এ বোটফের কার্যনির্বাহী কমিটি, ফোরামের সাধারণ সদস্য সহ দেশের ভ্রমণশিল্পের উদ্যোক্তা, আন্তর্জাতিক এয়ারলাইনসের প্রতিনিধি, বিদেশি পর্যটন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের আগ্রহ ও সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে আউটবাউন্ড পর্যটন খাতও দ্রুত বিস্তৃত হচ্ছে। এ বাস্তবতায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার, নতুন গন্তব্য ও সেবা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ভ্রমণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বোটফের পক্ষ থেকে জানানো হয়, বার্ষিক এই আয়োজনটি বাংলাদেশের ট্যুর অপারেটরদের সঙ্গে আন্তর্জাতিক পর্যটন বোর্ড, এয়ারলাইনস ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একই সঙ্গে শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এ মঞ্চে।
স্বাগত বক্তব্যে বোটফের বর্তমান প্রেসিডেন্ট জনাব হাসানুজ্জামান রনি বলেন, বৈশ্বিক পর্যটন ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সংগঠনটি কাজ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় দেশের আউটবাউন্ড পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠান শুরু হয় নিবন্ধনের মধ্য দিয়ে। পরে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের পর মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যাজুড়ে বিভিন্ন দেশের পর্যটন সম্ভাবনা, আকাশপথ সংযোগ ও ভ্রমণ প্রযুক্তি নিয়ে উপস্থাপনা হয়।
মালয়েশিয়া, থাইল্যান্ড ও সৌদির পর্যটন সম্ভাবনা তুলে ধরা হয় অনুষ্ঠানে ট্যুরিজম মালয়েশিয়ার মার্কেটিং ম্যানেজার ও কান্ট্রি ইনচার্জ মোহাম্মদ শোয়েব মালয়েশিয়ার পর্যটন সম্ভাবনা নিয়ে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা দেন। তিনি ২০২৬ সালে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ ও ভ্রমণ আকর্ষণের দিকগুলো তুলে ধরেন। এ সময় মালয়েশিয়া এয়ারলাইনস বেরহাদের কান্ট্রি ম্যানেজার শর্ণা দাস বক্তব্য দেন। থাইল্যান্ড ট্যুরিজম অথরিটির মার্কেটিং কর্মকর্তা বৈশালী শর্মা ভিডিও উপস্থাপনার মাধ্যমে থাইল্যান্ডকে বাংলাদেশি ভ্রমণকারীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে তুলে ধরেন। অন্যদিকে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের সহকারী মহাব্যবস্থাপক (সেলস) শফি উল আলম বাংলাদেশ-থাইল্যান্ড আকাশপথ সংযোগ ও যাত্রীসেবা সম্প্রসারণ নিয়ে কথা বলেন।
সাম্প্রতিক সময়ে পর্যটন গন্তব্য হিসেবে সৌদি আরবের গুরুত্ব বাড়ার বিষয়টিও আলোচনায় আসে। সৌদি ট্যুরিজম অথরিটির বাংলাদেশপ্রধান (ট্রেড) আমির হক দেশটির নতুন পর্যটন সুযোগ ও বাংলাদেশি পর্যটকদের জন্য সম্ভাবনার কথা তুলে ধরেন।
বাংলাদেশের বাজারকে গুরুত্ব আন্তর্জাতিক এয়ারলাইনসের অনুষ্ঠানে শ্রীলঙ্কান এয়ারলাইনস ও টার্কিশ এয়ারলাইনসের প্রতিনিধিরা বাংলাদেশের বাজারকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। শ্রীলঙ্কান এয়ারলাইনসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এস এম শরীফ এবং টার্কিশ এয়ারলাইনসের সেলস কর্মকর্তা মো. জাকির হোসেন আঞ্চলিক সংযোগ, ভ্রমণ চাহিদা ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এ ছাড়া ভ্রমণ খাতে প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়েও আলোচনা হয়। সেবার ট্রাভেল নেটওয়ার্ক (বিডি) লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হক ডিজিটাল বুকিং ব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর ভ্রমণ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। ট্রাভেলপোর্টের একজন প্রতিনিধিও প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে বক্তব্য দেন।
টোয়াব নির্বাচনী প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনী প্যানেল ‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’-এর আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরা হয়। প্যানেলের প্রার্থীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও পর্যটন খাত উন্নয়নে নিজেদের ভাবনা তুলে ধরেন।
টোয়াবের নির্বাচনী সভাপতি প্রার্থী মো. তাসলিম আমিন শোভন বলেন, বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা ব্যাপক। তিনি বলেন, দেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বে তুলে ধরে ইনবাউন্ড পর্যটন বাড়ানোর পাশাপাশি আউটবাউন্ড ট্যুর অপারেটরদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে চান। তিনি বলেন, নির্বাচিত হলে নীতিগত সহায়তা, আন্তর্জাতিক অংশীদারত্ব ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ পর্যটন খাত গড়ে তোলার চেষ্টা করবেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি জেনারেল জনাব কামরুজ্জামান রনি। এবং পুরা অনুষ্ঠানটি পরিচালনা করেন বোটফের সিনিয়র সহ সভাপতি জনাব আবদুল্লাহ আল কাফী। আনুষ্ঠানিক পর্ব শেষে নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। টার্কিশ এয়ারলাইনস, শ্রীলঙ্কান এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ, ট্যুরিজম মালয়েশিয়া, থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি, সৌদি ট্যুরিজম অথরিটি, ট্রাভেলপোর্ট ও সাবর ট্রাভেল নেটওয়ার্ক অনুষ্ঠানের সহযোগী ছিল।
উল্লেখ্য, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরাম (বোটফ) দেশের আউটবাউন্ড ট্যুর অপারেটরদের প্রতিনিধিত্বকারী সংগঠন। আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, শিল্পের উন্নয়ন এবং পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে সংগঠনটি কাজ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!