দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে জনগণের আস্থার একটি পূর্ণাঙ্গ সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপ দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সভাকক্ষে আয়োজিত ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সারা দেশে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ভূমি অফিসের ভেতরে বা বাইরে থেকে যারা দুর্নীতি, দালালি কিংবা হয়রানির মাধ্যমে জনগণের ভোগান্তি বাড়ায়, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
মন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়ার মানসিকতা নিয়েই কাজ করতে হবে। কেউ যদি শাসকের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমিসংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা কমাতে সরকার দ্রুত সংসদে নতুন একটি বিল আনবে বলেও জানান তিনি।
মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমির সব ধরনের সেবা একটি ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ সহজে সেবা পাবে এবং হয়রানি কমবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করতে অটোমেশন প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে ভূমিসংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে।
তিনি জানান, দেশের ৬১টি জেলায় নাগরিক সেবা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভূমি ভবনের নাগরিক সেবা কেন্দ্রের আদলে পরিচালিত হবে।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষপর্বে ভূমিসেবা মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে সেরা তিনটিকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!