জাতীয়

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক দিলেন প্রধানমন্ত্রী

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৪:৫০ এএম
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের হাতে এসব চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি করপোরেশনগুলোর প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন। তিনি নগরীর খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোকে আরও সক্রিয় হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়র অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!