জাতীয়

নজরুলের কবিতা দেশপ্রেম ও আত্মত্যাগের প্রেরণা জাগায়: তথ্যমন্ত্রী

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৪:৫২ এএম
নজরুলের কবিতা দেশপ্রেম ও আত্মত্যাগের প্রেরণা জাগায়: তথ্যমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের চেতনা জাগিয়ে তোলে বলে মন্তব্য করেছেন জহির উদ্দিন স্বপন।

শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৈশোরে যারা নজরুলের কবিতা পড়ে বড় হয়েছেন, তাদের মনোজগৎ গঠনে কবির গভীর প্রভাব রয়েছে। নজরুলের সাহিত্য মানুষকে দেশপ্রেম, মানবতা ও আত্মত্যাগের অনুপ্রেরণা দেয়।

তিনি বলেন, খুব স্বল্প সময়ের কর্মজীবনে নজরুল যে বিপুল সাহিত্যভান্ডার সৃষ্টি করেছেন, তা বিশ্বসাহিত্যে বিরল। কবিতা, গান, গল্প, উপন্যাস ও নাটক—সাহিত্যের প্রায় সব শাখায় তার অবাধ বিচরণ ছিল।

জহির উদ্দিন স্বপন বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছে নজরুলের চেতনা।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও চেতনাকে পৌঁছে দেওয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রেজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুশফিকুল ফজল আনসারী।

এ ছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসান হাফিজ এবং নজরুল গবেষক খালেকুজ্জামান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!