জাতীয়

নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৫:০৮ এএম
নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় চার থেকে সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যা উদ্বেগজনক। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে আনফিট যানবাহন, অদক্ষ চালক ও জনসচেতনতার অভাবকে চিহ্নিত করেন তিনি।

তিনি বলেন, শুধু জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানালেই হবে না; পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে নামানো যাবে না এবং দক্ষ চালকের হাতেই গাড়ির দায়িত্ব দিতে হবে।

শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় আন্ডারপাস, ওভারপাস ও নিরাপদ ইউটার্ন নির্মাণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, রাষ্ট্র হারিয়ে যাওয়া স্বজন ফিরিয়ে দিতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাবিবুর রশিদ। তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মধ্যে ১১৯টি চেকের মাধ্যমে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ অন্যরা।

এর আগে সকালে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে তিনি যাত্রীসেবা কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!