জাতীয়

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৫:১৩ এএম
ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে আজ শনিবার। ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বিশেষ ব্যবস্থায় ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। এরপর সকালজুড়ে দেশের বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় আরও কয়েকটি আন্তনগর ট্রেন।

তবে ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ তুলনামূলক কম দেখা গেছে। সকাল ১০টা পর্যন্ত অন্তত ছয়টি ট্রেন ঢাকা ছেড়ে গেলেও প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত দেরিতে ছেড়ে যায়।

সর্বশেষ সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে যায় ‘রংপুর এক্সপ্রেস’। ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল ৯টা ১০ মিনিট। অন্যদিকে সকাল ১০টায় জামালপুরের উদ্দেশে ছাড়ার কথা থাকলেও ১০টা ১০ মিনিট পর্যন্ত স্টেশন ছাড়েনি ‘জামালপুর এক্সপ্রেস’।

সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অনলাইনে টিকিট সংগ্রহ ও আসনে বসে যাত্রা করতে কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান।

যাত্রীরা জানান, এখন পর্যন্ত অতিরিক্ত ভিড় না থাকায় নির্ধারিত আসনে বসতে তেমন সমস্যা হচ্ছে না। তবে কয়েকজন যাত্রী ট্রেনের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, কিছু বগিতে ফ্যান নষ্ট, আসন ভাঙা এবং টয়লেট অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে।

যাত্রীদের অভিযোগ শুনে দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন রেলওয়ের মহাপরিচালক।


আরএস-

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!