জাতীয়

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নৈতিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৫:২৮ এএম
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নৈতিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর ষষ্ঠ বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণে নিবেদিত সংগঠনগুলো সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে তাদের কার্যক্রমের পরিধি আরও বাড়ানো প্রয়োজন। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমাজের নৈতিক ভিত্তি শক্তিশালী করার কাজে এগিয়ে আসতে হবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রে লায়ন্স ক্লাবের মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো ইতিবাচক ভূমিকা পালন করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্কুলগামী শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ। এতে তারা সততা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেল্লাল হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কনভেনশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রিয়াজুল হক বশির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এ সময় ডিস্ট্রিক্ট ও বিভিন্ন ক্লাবের সেবামূলক কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কনভেনশনে জেলা নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পাশাপাশি ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট), ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট)-কে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!