সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মাজদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা।
এর আগে প্রতিমন্ত্রী লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পরে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা পরিদর্শন করেন।
দিনের আরেক কর্মসূচিতে তিনি ধুইপল হিন্দু কল্যাণ পরিষদের আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!