জাতীয়

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

আপডেট: জুন ০৭, ২০২৬ : ০৬:১৯ এএম
ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

ঈদুল আজহার ঘরমুখো যাতায়াত ও পরবর্তী সময়ে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ১৫ দিনে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ রোববার (৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ২১ মে থেকে ঈদের পর কর্মস্থলে ফেরা ৪ জুন পর্যন্ত সময়ের মধ্যে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

সংগঠনটি জানায়, এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৩৮ শতাংশের বেশি ঘটেছে এই বাহনকে কেন্দ্র করে।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল মানুষের যাতায়াত হলেও দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার অভাবে দুর্ঘটনা কমানো সম্ভব হচ্ছে না। তিনি আধুনিক গণপরিবহন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন যানবাহন বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত গতিবেগ, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচল দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়, মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া—এই দুই ধরনের দুর্ঘটনাই সবচেয়ে বেশি ঘটেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ঈদযাত্রা ব্যবস্থাপনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, চালকদের প্রশিক্ষণ বৃদ্ধি, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ এবং সড়ক নিরাপত্তা তদারকি জোরদারের দাবি জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!