জাতীয়

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা

আপডেট: জুন ০৭, ২০২৬ : ০৬:২৫ এএম
রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা।

আজ রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমরা সন্তুষ্ট। যত দ্রুত সম্ভব রায় কার্যকর চাই।” তিনি আরও বলেন, “আমার মেয়ের হত্যার ঘটনায় যে রায় আজ আদালত দিয়েছেন, আমরা সেটি দ্রুত কার্যকর হতে দেখতে চাই।”

রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি বিচারক, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দুঃসময়ে পাশে থাকা বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকেও ধন্যবাদ জানান তিনি।

এর আগে এ মামলায় আদালত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!