গণতান্ত্রিক বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং একটি জ্ঞানভিত্তিক, দক্ষতানির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।
আজ রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার দুর্বলতার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। এ অবস্থার পরিবর্তনে এখনই দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সময় এসেছে।
তিনি বলেন, “বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপসহ নানা প্রযুক্তিগত দক্ষতা ছাড়া ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকা কঠিন হবে।”
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, প্রচলিত সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে বাস্তবভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করেও অনেক শিক্ষার্থী বেকার থাকছেন, যা একটি বড় সামাজিক সমস্যা। তাই শিক্ষাব্যবস্থাকে বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তারেক রহমান নৈতিক ও মানবিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলা জরুরি। কারণ একটি টেকসই রাষ্ট্র গঠনে দক্ষতার পাশাপাশি মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশিক্ষণার্থী এবং শিক্ষাখাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!