জাতীয়

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি

আপডেট: জুন ১৩, ২০২৬ : ০৬:২৯ এএম
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১ হাজার ৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি

গত মে মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে একাধিক দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ শনিবার (১৩ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুধুমাত্র সড়কপথেই ৬১৩টি দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

সংগঠনটি জানায়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন তৈরি করেছে। তবে সংবাদমাধ্যমে প্রকাশ না হওয়া অনেক দুর্ঘটনা এতে অন্তর্ভুক্ত না থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ২২১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এতে ২৩১ জন নিহত এবং ২১৯ জন আহত হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, নারী ও শিশুরাও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, সড়ক দুর্ঘটনার পেছনে বেপরোয়া গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, অবকাঠামোগত দুর্বলতা ও যাত্রী পরিবহনে অনিয়মসহ নানা কারণ রয়েছে।

সড়ক নিরাপত্তা জোরদারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!