জাতীয়

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

আপডেট: জুন ১৫, ২০২৬ : ০৫:২১ এএম
অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

ধনী-দরিদ্র নির্বিশেষে অনগ্রসর এলাকার মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে পারলে প্রকৃত মেধা ও প্রতিভা বিকশিত হবে বলে মন্তব্য করেছেন জুবাইদা রহমান।

রোববার বিকেলে রাজধানীর বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, উপযুক্ত সুযোগ সৃষ্টি করা গেলে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ আরও সহজ হবে। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও মেধার স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।

অনুষ্ঠানে তিনি দেশের বিভিন্ন অবহেলিত এলাকার স্কুলগুলোর অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি পিরোজপুর, কুড়িগ্রাম, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ ও দিনাজপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার প্রসঙ্গ উল্লেখ করেন।

তিনি বলেন, এসব এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলো প্রায়ই বন্যা ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীদের শেখার আগ্রহ অব্যাহত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জুবাইদা রহমান আরও বলেন, সঠিক পরিবেশ ও সুযোগ নিশ্চিত করা গেলে প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা বিজ্ঞান ও উদ্ভাবনী খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে রাজউক উত্তরা মডেল কলেজ এবং হলি ক্রস কলেজ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!