দেশের শিপিং খাতের কার্যক্রম সহজ ও গতিশীল করতে জাহাজ বা ভেসেল লিজ ভাড়া পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, পূর্বে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা নির্দেশনার আওতায় শুধু বাংলাদেশে নিবন্ধিত এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে লিজ ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা প্রেরণের সুযোগ ছিল। এখন একই সুবিধা বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।
তবে এ সুবিধা নিতে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিকে লিজ নেওয়া জাহাজ বা ভেসেল পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা ছাড়পত্র গ্রহণ করতে হবে।
এছাড়া আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত রিটার্ন দাখিল এবং বৈদেশিক মুদ্রা আয়ের প্রত্যাবাসনসংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ বিষয়ে পূর্বের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
এদিকে এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক শিপিং কার্যক্রমে লিজকৃত জাহাজ ব্যবহারে অর্থপ্রবাহ সহজ হবে এবং খাতটির কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!