জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৫:৫৫ এএম
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আরও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং সংঘাতপ্রবণ অঞ্চলে জবাবদিহিতা প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহার ক্রমাগত বাড়ছে, যা মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠন করা প্রয়োজন।

আলোচনায় তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং দ্রুত তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!