জাতীয়

‘ক্লিকবেইট নয়, তথ্য যাচাই করে কনটেন্ট তৈরি করুন’

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৪:৫৬ এএম
‘ক্লিকবেইট নয়, তথ্য যাচাই করে কনটেন্ট তৈরি করুন’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম বা ‘ক্লিকবেইট’ পরিহার করে তথ্য যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল কনটেন্ট তৈরির আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া।

সোমবার গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার তরুণ কনটেন্ট নির্মাতাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ‘ক্লিকবেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম। অনেক ক্ষেত্রে ভেতরের তথ্যের সঙ্গে শিরোনামের মিল না রেখে কেবল ভিউ বাড়ানোর প্রতিযোগিতা চলছে, যা দায়িত্বশীল গণযোগাযোগের পরিপন্থী।

তিনি বলেন, কোনো তথ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে তা প্রচার বা শেয়ার করা উচিত নয়। কনটেন্ট তৈরির আগে তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেকিং’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মো. নূরুল করিম ভুঁইয়া বলেন, প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগের সময় গুজব ছড়িয়ে না দিয়ে কনটেন্ট নির্মাতারা সচেতনতা সৃষ্টি ও মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সঠিক তথ্য উপস্থাপনের পাশাপাশি কনটেন্টের উপস্থাপনা কৌশল বা ‘ফর্মিং অ্যান্ড ফ্রেমিং’-এর প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

কনটেন্ট নির্মাণকে একটি সম্ভাবনাময় ও সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি চার্লি চ্যাপলিন এবং হানিফ সংকেত–এর উদাহরণ তুলে ধরে বলেন, বিনোদনের মাধ্যমেও সমাজে শক্তিশালী ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন সৃজনশীলতা এবং ভিডিও ও অডিওর কার্যকর সমন্বয়।

সভায় তিনি জানান, জেলার তরুণ কনটেন্ট নির্মাতাদের দক্ষতা উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগে শিগগিরই দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!