জাতীয়

শিশুশ্রম নির্মূলের কাজ শুরু হোক নিজের ঘর থেকেই: শ্রমমন্ত্রী

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৫:৪৭ এএম
শিশুশ্রম নির্মূলের কাজ শুরু হোক নিজের ঘর থেকেই: শ্রমমন্ত্রী

দেশ থেকে শিশুশ্রম নির্মূলে কেবল সেমিনার-আলোচনায় সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শিশুশ্রম বন্ধের কাজ শুরু হতে হবে নিজের ঘর থেকেই।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রমমন্ত্রী। ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম (সিএলইপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরিফুল হক চৌধুরী বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)সহ এ খাতে কাজ করা দেশি-বিদেশি সংস্থাগুলোকে দেশের সবচেয়ে বেশি শিশুশ্রমপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। একটি শিশু সুস্থভাবে বেড়ে উঠছে কি না, তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। মানবসম্পদ দেশের সবচেয়ে বড় সম্পদ, আর এই সম্পদকে সঠিকভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।

আগামী এক বছরের মধ্যে একটি কার্যকর পাইলট কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়ে শ্রমমন্ত্রী বলেন, আগামী বছর দেখতে চান কতজন শিশুকে শ্রম থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আওতায় আনা সম্ভব হয়েছে। বক্তৃতার চেয়ে বাস্তব কাজের ওপর গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।

শিশুশ্রমের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জুমার খুতবায় শিশুশ্রমের কুফল তুলে ধরা যেতে পারে। একইভাবে রামকৃষ্ণ মিশন, বৌদ্ধ বিহার, চার্চসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও এ বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশে শিশুশ্রম পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়। এতে এ খাতে দেশের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হয়। শিশুদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তারফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!