জাতীয়

‘৪০ বছর সংসদে থেকেও একটি কানাকড়ি পাইনি’: স্পিকার

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৬:০০ এএম
‘৪০ বছর সংসদে থেকেও একটি কানাকড়ি পাইনি’: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে তিনি কখনো কোনো আর্থিক সুবিধা নেননি। বিরোধী দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করলেও একটি কানাকড়িও পাননি বলে মন্তব্য করেন তিনি।

সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে বিরোধীদলীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের পর স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর জবাবে স্পিকার বলেন, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলের সদস্যও ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গেছি। এটুকুই আমার প্রাপ্তি, এর বাইরে আর কিছু পাইনি।’

বিরোধীদলীয় নেতার বাজেট বক্তৃতার প্রশংসা করে স্পিকার বলেন, তিনি দেশের বিভিন্ন সমস্যা ও বাজেট–সংক্রান্ত নানা বিষয় সংসদে তুলে ধরেছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।

স্পিকার আরও বলেন, সভাপতির আসনে থাকায় নিজের নির্বাচনী এলাকা ভোলার সমস্যার কথা সংসদে তোলার সুযোগ তাঁর নেই। তবে বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে ভোলার বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন।

স্পিকার আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!