জাতীয়

দেশের ১১ শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৬:৫০ এএম
দেশের ১১ শতাংশ মানুষ এখনো আর্সেনিক ঝুঁকিতে: মির্জা ফখরুল

দেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে ২০২৬ সালের মধ্যে এ হার ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯ অনুযায়ী, বর্তমানে দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, আর্সেনিকমুক্ত নিরাপদ পানি নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের আওতায় ২০২৬ সাল পর্যন্ত প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে।

মন্ত্রী জানান, গভীর নলকূপের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর খনন ও পুনঃখনন এবং সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ফলে আর্সেনিক ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছে সরকার।

সংসদে দেওয়া তথ্যে জানানো হয়, বিভিন্ন প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৬ লাখ ১৫ হাজার ৪৯৭টি নিরাপদ পানির উৎস, উপকূলীয় এলাকায় ১ লাখ ৯৯ হাজার ৪৮৫টি বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে ১ লাখ ৭৪ হাজার ৬৭৬টি, পল্লী অঞ্চলের পানি সরবরাহ প্রকল্পে ৮৮ হাজার ২৩৫টি এবং অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে ১ লাখ ৩৮ হাজার ৫৫টি পানির উৎস স্থাপন করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!