জাতীয়

কৃষক কার্ডে মিলছে ১০ ধরনের সুবিধা, জানাল জেলা তথ্য অফিস

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৪:৫১ এএম
কৃষক কার্ডে মিলছে ১০ ধরনের সুবিধা, জানাল জেলা তথ্য অফিস

ময়মনসিংহে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাচ্ছেন বলে জানানো হয়েছে।

একই সঙ্গে কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করা হয়। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয়ে জেলা তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকি মূল্যে সেচ সুবিধা, কৃষি উপকরণ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ, কৃষি বীমা, প্রশিক্ষণ, আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্যসহ মোট ১০টি প্রধান সুবিধা ভোগ করছেন। এতে কৃষকদের পরিচয়ের স্বীকৃতি নিশ্চিত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি কমাতেও সহায়তা হচ্ছে।

তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ এবং তার ওপর জমা হওয়া সুদ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উপকৃত হচ্ছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে মাসিক নগদ সহায়তা এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।

খাল খনন ও পুনঃখনন কর্মসূচি সম্পর্কে মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, এ উদ্যোগ কৃষিতে সেচ সুবিধা বাড়ানো, জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণ এবং মাছ চাষ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিও গুরুত্বপূর্ণ। গাছ অক্সিজেন সরবরাহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, ভূমিক্ষয় রোধ এবং দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করে।

ব্রিফিংয়ে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নারী পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানানো হয়। প্রস্তাবিত এ সেবায় চালক, হেল্পার ও সুপারভাইজার—সবাই নারী হবেন। এর মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. মাসুদ মিয়া, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাইয়ূমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!