রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু) সোমবার হাসপাতালে গিয়ে রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
হাসপাতাল পরিদর্শন শেষে ডা. মনোয়ারুল কাদির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি রফিকুল ইসলাম মিয়াকে দেখতে এসেছেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে জেনেছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার শুভকামনা পৌঁছে দিয়েছেন।
তিনি বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রীর অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে।
ডা. মনোয়ারুল কাদির আরও বলেন, রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
২০১৮ সাল থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাহিদা রফিক গত বছরের ২ মার্চ মারা যান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!