জাতীয়

ঢামেকের ৮০ বছর পূর্তিতে শনিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট: জুলা ০৮, ২০২৬ : ০৫:৪৫ এএম
ঢামেকের ৮০ বছর পূর্তিতে শনিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি নতুন দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁদের অনেকেই আশা করছেন, এ সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবকাঠামোগত ও একাডেমিক বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভাষ্য, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং জাতীয় বিভিন্ন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রীর সফর শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে বলে তাঁদের প্রত্যাশা।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফর প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন গতি আনবে।

এ ছাড়া সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে মনে করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঢাকা মেডিকেল কলেজের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে আরও তুলে ধরবে এবং স্বাস্থ্যখাতের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম প্রাচীন ও শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এখানে এমবিবিএসসহ চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!