জাতীয়

সব নাগরিকের জন্য ‘গর্বের বাংলাদেশ’ গড়তে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ০৮, ২০২৬ : ০৬:০২ এএম
সব নাগরিকের জন্য ‘গর্বের বাংলাদেশ’ গড়তে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দেশের সব নাগরিকের জন্য একটি গর্বের বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। মানুষের জীবনমানের উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জীবনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনায় নিয়ম-নীতি ও জবাবদিহিতার ঘাটতি ছিল। বর্তমান সরকার প্রশাসনিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এখন সংসদে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছে।

পারিবারিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নের বিষয়ে ফারজানা শারমীন বলেন, পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারীর নামে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, যাতে তিনি প্রয়োজনীয় সেবা গ্রহণে অন্যের ওপর নির্ভরশীল না হন। অর্থনৈতিক ও মানসিকভাবে তাঁকে আরও স্বাবলম্বী করাই এ উদ্যোগের লক্ষ্য।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা বর্তমানে ৫৬ হাজার। নিষ্ক্রিয় সংগঠনগুলো বাদ দেওয়া হয়েছে। জনকল্যাণে সক্রিয় সংগঠনগুলোর কার্যক্রমে সরকার ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে।

প্রতিমন্ত্রী পিএসটিসির দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, জনস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা, কিশোর-কিশোরীদের উন্নয়ন এবং অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া এবং সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!