শহীদ আবু সাঈদ চত্বরের ছবি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। প্রতিষ্ঠানটি বলছে, ছবিটি বাস্তব নয়; এটি সম্পাদনা ও এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার এক ফ্যাক্ট-চেক প্রতিবেদনে বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ আবু সাঈদ চত্বরের ছবি হিসেবে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তারা নিশ্চিত হয়েছে, ছবিটি প্রকৃত নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও কয়েকটি ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং নবনির্বাচিত বিএনপি সরকারকে ঘিরেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট হিসেবে ‘বাংলাফ্যাক্ট’ নিয়মিত বিভিন্ন ভাইরাল তথ্য, ছবি ও ভিডিও যাচাই করে প্রকৃত তথ্য প্রকাশ করে। একই সঙ্গে গণমাধ্যম ও সংবাদবিষয়ক গবেষণাও পরিচালনা করে।
প্রতিষ্ঠানটির দাবি, ইতোমধ্যে তারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে। গুজব, অপতথ্য ও ভুয়া খবর প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাফ্যাক্ট।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!