টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের প্রকল্প সেবা বিষয়ক দপ্তর (ইউএনওপিএস) বাংলাদেশ আয়োজিত ‘বিল্ডিং এ মডেল ফর এসডিজি লোকালাইজেশন: এসডিজি-৫ অ্যান্ড এসডিজি-১৬’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, তরুণ নারীদের ক্ষমতায়নের বর্তমান উদ্যোগগুলো ভবিষ্যতের একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও স্থিতিশীল বাংলাদেশের ভিত্তি তৈরি করছে।
ইউএনওপিএস, ইউএন উইমেন এবং নারীপক্ষের যৌথ উদ্যোগে, যৌথ এসডিজি ফান্ডের সহায়তায় বাস্তবায়িত ‘এনহ্যান্সিং উইমেনস পলিটিক্যাল লিডারশিপ থ্রু এসডিজি-৫ অ্যান্ড এসডিজি-১৬ লোকালাইজেশন ইন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বাস্তবায়িত এসডিজি স্থানীয়করণ মডেলের অভিজ্ঞতা, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়। এ ছাড়া তরুণ নারী নেত্রী, শিক্ষার্থী, পরামর্শক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্ব বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক সুশাসন প্রতিষ্ঠার অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন স্বাগত বক্তব্য দেন। ইউএন উইমেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা এসডিজি-৫ (লিঙ্গসমতা) এবং এসডিজি-১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) বাস্তবায়নে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহান বলেন, জাতীয় অগ্রাধিকারকে স্থানীয় পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে এসডিজির স্থানীয়করণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নারীর নেতৃত্বে বিনিয়োগের ওপরও তিনি গুরুত্ব দেন।
কর্মশালায় নারীপক্ষের নির্বাহী সদস্য মাহীন সুলতান এসডিজি স্থানীয়করণ মডেল উপস্থাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি, সাবেক উপদেষ্টা ফরিদা আখতার এবং হলিক্রস গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তাসহ বিভিন্ন সরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ‘কেউ যেন পিছিয়ে না থাকে’—এই লক্ষ্য সামনে রেখে স্থানীয় নেতৃত্ব, অংশীদারত্ব এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসডিজি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!