জাতীয়

ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা—তিন নতুন উপজেলা গঠন

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৬:১২ এএম
ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা—তিন নতুন উপজেলা গঠন

ময়মনসিংহ ও কুমিল্লায় তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলা তিনটি হলো—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেটআপ অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার জন্যও প্রয়োজনীয় সরকারি অফিসের সেটআপ অনুমোদন করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেটআপও অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নতুন তিনটি উপজেলায় পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!