জাতীয়

‘রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো’

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৬:১৫ এএম
‘রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো’

বিশ্বকাপজুড়ে রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে আর্জেন্টিনা–মিশর ম্যাচের পর রেফারিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

তবে বিতর্কে না জড়িয়ে সংক্ষিপ্ত ও স্পষ্ট জবাব দেন ফরাসি কোচ। তিনি বলেন, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

ফ্রান্স–মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও সহকারী রেফারিসহ পুরো অফিশিয়াল প্যানেল আর্জেন্টিনার হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। তবে দেশম জানিয়ে দেন, তাঁর দলের পুরো মনোযোগ প্রতিপক্ষকে ঘিরেই।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবে আফ্রিকার দলটি—এমন মন্তব্যের জবাবে দেশম বলেন, ‘ফুটবলে প্রতিশোধ বলে কিছু দেখি না। ম্যাচের দিন যে ভালো খেলবে, সেই জিতবে।’

মরক্কোর পারফরম্যান্সেরও প্রশংসা করেন ফরাসি কোচ। তাঁর ভাষায়, ‘তারা খুবই ভালো ফুটবল খেলছে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের আরও ভালো খেলতে হবে।’

ফ্রান্সের আক্রমণভাগে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসের মতো তারকারা রয়েছেন। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দলগুলোর একটি ফ্রান্স। তবু প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন দেশম।

তিনি বলেন, ‘মরক্কো প্যারাগুয়ের মতো দল নয়। তারা নেদারল্যান্ডসকে হারিয়ে এই পর্যায়ে এসেছে। তাই তাদের বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে।’

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম আগেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন। তবে ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবছেন না তিনি।

দেশম বলেন, ‘এ মুহূর্তে আমি শুধু মরক্কো ম্যাচ নিয়েই ভাবছি। কালই আমার শেষ দিন—এমন কিছু ভাবছি না।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!