ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অকার্যকর ঘোষণা করে তার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করা হয়েছে।
গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত ৯ জুলাই রায়ের দিন ধার্য করেছিলেন।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করলে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন এবং রুল জারি করেন।
পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে নির্দেশ দেন, সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল প্রকাশ করা যাবে না।
এর মধ্যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি জয়ী হলেও আদালতের নির্দেশে ফলাফল স্থগিত রাখা হয়।
পরবর্তীতে নুরুল আমিনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, হাইকোর্টকে রুলের চূড়ান্ত নিষ্পত্তির নির্দেশ দেন।
সেই নির্দেশনা অনুসারেই বৃহস্পতিবার হাইকোর্ট রুল নিষ্পত্তি করে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!