জাতীয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৪:৩৬ এএম
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নতুন প্রজন্মের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে। দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে দেশের উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাও বাস্তবে রূপ নেবে।

তিনি বলেন, এ বছরের প্রতিপাদ্য—‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী।

রাষ্ট্রপতির ভাষ্য, সরকার তরুণদের সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের সক্ষম করে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এসব উদ্যোগ নতুন প্রজন্মের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, সুস্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার একটি কর্মক্ষম জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্য অর্জনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সর্বজনীন করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করে রাষ্ট্রপতি তারুণ্যের উন্নয়নে সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!