আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁদের বাণীতে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও অংশ নেবেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। জাতীয় দৈনিকগুলোও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল ১৯৮৯ সালে জনসংখ্যা-সংক্রান্ত বিষয়গুলোতে বৈশ্বিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর পরের বছর, ১৯৯০ সালে বিশ্বের প্রায় ৯০টি দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!