জাতীয়

বাংলাদেশ–মালদ্বীপের বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৪:৪০ এএম
বাংলাদেশ–মালদ্বীপের বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তিটি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দিরা মানবিক বিবেচনায় দেশে ফিরে বাকি সাজা ভোগের সুযোগ পাবেন।

শুক্রবার (১০ জুলাই) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের তথ্য অনুযায়ী, চুক্তিটি দ্রুত কার্যকর করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে শিগগিরই চুক্তিটি সই ও কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের মধ্যে আইনি ও মানবিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বন্দিদের পুনর্বাসন ও মানসিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির মাফুশি কারাগার পরিদর্শন করে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেয়। হাইকমিশনের তথ্যমতে, তাদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন।

প্রতিনিধি দলের সদস্যরা বন্দিদের চিকিৎসাসেবা, খাদ্য, আবাসন, পোশাক ও কারা-পরিবেশ সম্পর্কে পৃথকভাবে কথা বলেন। পরে মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বন্দিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পরিদর্শন শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষা করা বাংলাদেশের দায়িত্বের অংশ। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!